• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সন্তোষপুরে বিএনপি নেতার তাণ্ডব: ছাত্রশিবির সভাপতিকে পিটিয়ে জখম

বিশেষ প্রতিনিধি / ১৯ ৪ ৯
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে রাজনৈতিক মতাদর্শের জেরে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদাত হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। ঘটনার পর কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ভুক্তভোগীদের উদ্ধার করা হলেও সন্দ্বীপ থানার এক প্রভাবশালী উপ-পরিদর্শকের (এসআই) কারণে মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পবিত্র শবে বরাতের নামাজ শেষে ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ছাত্রশিবির সভাপতি ইকরামুল হায়দার নাবিলের সাথে বিএনপি সভাপতি শাহদাত হোসেনের রাজনৈতিক বিষয়ে বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে শাহদাত হোসেনের নেতৃত্বে মিজান, আরাফাত, লিংকন ও নজরুলসহ একদল যুবক নাবিল এবং তার দুই সঙ্গী রহমত উল্লাহ সৈকত ও হাসান নবীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীদের হাত থেকে বাঁচতে আহত নাবিল ও তার সঙ্গীরা দৌড়ে ১নং ওয়ার্ডের গণু মাঝির বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ডের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে। বর্তমানে আহতরা সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ উঠেছে, সন্দ্বীপ থানার একজন প্রভাবশালী এসআই-এর হস্তক্ষেপে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, অভিযুক্ত বিএনপি নেতার সাথে ওই পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠতা থাকায় আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি সভাপতি শাহদাত হোসেন তর্কের কথা স্বীকার করলেও মারধরের বিষয়টি অস্বীকার করেন। তবে প্রত্যক্ষদর্শীরা হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর জানান, “যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Skip to toolbar