• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

উপবৃত্তি পাচ্ছে প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭২০ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২০
উপবৃত্তি পাচ্ছে প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী
উপবৃত্তি পাচ্ছে প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী

‘প্রাথমিক উপবৃত্তি’ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন পেয়েছে ।  এতে গত বছরের অক্টোবরে শেষ হওয়া প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রকল্পটির মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত বেড়েছে ।

শুরুতেই গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ের ছয় মাসের উপবৃত্তি পাবে প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী। ‍সংশোধনী প্রস্তাবে উপবৃত্তির টাকার পরিমান ও বেড়েছে । এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে এককালীন ১ হাজার কোটি টাকা দেওয়া হবে শিক্ষার্থীদের ।

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রকল্পটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব রেখে সংশোধনী চূড়ান্ত করা হয়েছিল বেশ কিছুদিন আগেই। তবে সাধারণ ছুটির কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক স্থগিত থাকায় প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। এ অবস্থায় সোমবার (৪ মে) বিশেষ বিবেচনায় প্রকল্পটিতে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত গভর্নমেন্ট অর্ডার (জিও) জারি করেছে পরিকল্পনা কমিশন। সংশোধনী প্রস্তাব অনুযায়ী বর্ধিত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে প্রায় ১৩ হাজার কোটি টাকা।

জানা গেছে, গত অক্টোবর থেকেই প্রাথমিকের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছে না। সংশোধনী অনুমোদন পাওয়ায় তারা গত ছয় মাসের টাকা একসঙ্গে পাবে।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে প্রাথমিক উপবৃত্তিপ্রাপ্ত দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য এককালীন এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব করা হয়। বছরের শুরুতেই যেন শিক্ষার্থীরা স্কুল ব্যাগ ও নতুন পোশাক কিনতে পারে, সেটা ভেবেই এই টাকা দেওয়ার কথা ছিল। করোনাভাইরাসে কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সব অনুষ্ঠান স্থগিত হলেও করোনা পরিস্থিতি বিবেচনা করেই প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা হিসেবে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে শিওরক্যাশের মাধ্যমে। প্রকল্পের সংশোধনী প্রস্তাবে সব শ্রেণিতে উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে আগে এক শিক্ষার্থীর পরিবারকে মাসে ১০০ টাকা দেওয়া হলেও নতুন প্রস্তাব অনুযায়ী দেওয়া হবে ১৫০ টাকা। দুই শিক্ষার্থীর পরিবারকে ২০০ টাকার জায়গায় ৩০০ টাকা, তিন শিক্ষার্থীর পরিবারকে ২৫০ টাকার জায়গায় ৪০০ টাকা এবং চার শিক্ষার্থীর মাসে তিনশ টাকার জায়গায় এখন উপবৃত্তি দেওয়া হবে ৫০০ টাকা করে।

সূত্র জানায়, গত ডিসেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উপবৃত্তির অর্থপ্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে দ্রুত প্রকল্প সংশোধন করার উদ্যোগ নেয় প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সন্দ্বীপ জার্নাল/এসবি


Skip to toolbar