• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সন্দ্বীপে বিএনপি নেতা মিল্টন ভূঁইয়ার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ২০ ৪ ৯
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে সন্দ্বীপের হাজার হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়াতে আজ সোমবার বিকাল ৪টায় মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় এক বিশেষ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি নেতা মিল্টন ভূঁইয়ার পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ওই এলাকার প্রায় ৪০টি বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে সন্দ্বীপের স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউছার আহম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান পাশা, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দিন এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী কুলছুমা বেগম খেলনা মেম্বার।

এছাড়াও যুবদল ও ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা যুবদল নেতা ফেরদৌস আহমেদ কৌশিক ও মিজানুর রহমান মিজান, মগধরা ইউনিয়ন যুবদল নেতা মাইন উদ্দিন, মগধরা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হাই, যুবদল নেতা আকবর হোসেন ও আব্দুর ওয়াজেদ মামুনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মদ বলেন “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে যে—দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বন্যার এই কঠিন সময়ে সন্দ্বীপের একটি মানুষও যেন না খেয়ে থাকে, সেই লক্ষ্যেই আমাদের নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে আমরা এই ক্ষুদ্র সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। দেশনায়ক তারেক রহমানের এই মানবিক নির্দেশনা বাস্তবায়নে সন্দ্বীপ উপজেলা বিএনপি ও সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এই সংকটময় পরিস্থিতিতে সন্দ্বীপের পানিবন্দী অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।


Skip to toolbar