ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামের সন্দ্বীপে তাহমিদ (৬) নামে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র রহস্য ও ধোঁয়াশা তৈরি হয়েছে। নিখোঁজের ২৫ ঘণ্টা পর আজ দুপুর বারোটায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তখনও দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছিলো তাজা রক্ত। স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি নিখোঁজ হওয়ার পর গ্রামবাসী ওই ডোবাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছিলেন, কিন্তু তখন সেখানে কিছুই পাওয়া যায়নি। সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর আনুমানিক ১১টার দিকে শিশু তাহমিদ নিখোঁজ হয়। তাকে কোথাও খুঁজে না পেয়ে স্বজনরা পুরো এলাকা চষে বেড়ান। বাড়ির আশেপাশের প্রতিটি পুকুর ও জলাশয়ে স্থানীয়রা জাল ফেলে ও বাঁশ দিয়ে তল্লাশি চালান। এমনকি যে ডোবাটিতে আজ মরদেহ পাওয়া গেছে, সেটিও বাদ পড়েনি। কিন্তু তখনও সেখানে পাওয়া যায়নি নিখোঁজ তাহমিদের সন্ধান। দীর্ঘ ২৫ ঘণ্টা পর সেই একই স্থানে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী হতবাক হয়ে পড়েন। উদ্ধারের পর শিশুটির চোখ দিয়ে তাজা রক্ত ঝরতে দেখা গেছে, যা সাধারণ পানিতে ডুবে মৃত্যুর লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি স্থানীয়দের। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় এখন প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ঘটনাটির প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওসি বলেন, “মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে এখন তাকিয়ে আছে শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী। এটি পরিকল্পিত হত্যা কি না, তা নিয়ে সন্দ্বীপে এখন চলছে নানা জল্পনা-কল্পনা।