মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের কর্মীরা প্রবাসীদের সঙ্গে সবসময় যোগযোগ রাখছেন বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ । তিনি বলেন, দুনিয়াজুড়ে করোনা পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে ।
মঙ্গলবার (৫ এপ্রিল) বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিদায়ী সচিব মো. সেলিম রেজার দায়িত্ব অর্পণ ও নতুন নিয়োগপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুনঃ ভাবতেও পারিনি এত রাতে কেউ সাহায্য নিয়ে হাজির হবে
ইমরান আহমদ বলেন, ‘করোনা পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের সুরক্ষা ও পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজার সুরক্ষায় বিভিন্ন দেশের মন্ত্রিদের সঙ্গে আলোচনা চলছে । বিভিন্ন দেশে কর্মরত কর্মীদের সুরক্ষায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।’
এ সময় নতুন নিয়োগপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘করোনাত্তোর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।’ ‘ তিনি আরও বলেন, নিষ্ঠার সঙ্গে সেবামূলক মনোভাব নিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে দায়িত্ব পালন করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
বিদায়ী সচিব মো. সেলিম রেজা বলেন, ‘প্রবাসী কর্মীরা যাতে কোনরকম অসুবিধায় না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। করোনাত্তোর পরিস্থিতিতে বর্তমান শ্রমবাজার ধরে রাখতে এবং নতুন শ্রমবাজার সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’
সন্দ্বীপ জার্নাল/ইএএম