• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সন্দ্বীপে মোতায়েন ৩৫৩ সদস্য: নৌপথে অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা রোধে সজাগ কোস্ট গার্ড

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ২৪ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট-২০২৬কে সামনে রেখে সন্দ্বীপের উপকূলীয় এলাকা, নদীপথ এবং বিচ্ছিন্ন চরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নৌপথে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সন্দ্বীপে ৩৫৩ জন দক্ষ কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্দ্বীপে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)। তিনি বলেন, সন্দ্বীপের বিশেষ ভৌগোলিক অবস্থান, বিচ্ছিন্ন চরাঞ্চল এবং জলপথ নির্ভর যোগাযোগ ব্যবস্থার কারণে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এখানে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।

মহাপরিচালক জানান, সন্দ্বীপের মূল ভূখণ্ডের পাশাপাশি চারপাশের নদীপথ, খাল ও বিচ্ছিন্ন চরগুলোর ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। এই বিশেষ নিরাপত্তা মোতায়েন কার্যক্রম ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, সন্দ্বীপে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে জলপথ নির্ভর হওয়ায় নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করা কোস্ট গার্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে নদীপথে শক্তিশালী টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্দ্বীপ সংলগ্ন নৌরুটগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুর্গম ও স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজনে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে। পাশাপাশি সন্দ্বীপের আশপাশের নৌপথে যেকোনো ধরনের সন্দেহজনক চলাচলের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।

রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেন, “সন্দ্বীপের মতো উপকূলীয় ও বিচ্ছিন্ন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা আমাদের অন্যতম অগ্রাধিকার। ভোটাররা যেন ভয়ভীতিহীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গণভোটে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ডকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আয়োজিত একই দিনের গণভোটকে কেন্দ্র করে সন্দ্বীপের জনগণের মধ্যে যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে, তা শান্তিপূর্ণভাবে বজায় রাখতে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কোস্ট গার্ড কাজ করছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নৌপথে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে কোস্ট গার্ডের গোয়েন্দা শাখা সার্বক্ষণিক সজাগ রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মহাপরিচালক।


Skip to toolbar