‘সেবার মান বৃদ্ধিতে দূতাবাস অ্যাপ চালু করা হয়েছেএবং এতে ৩৪ ধরনের সেবা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ উপলক্ষে আয়োজিত ‘উদ্ভাবক ও উদ্যোক্তা: ভবিষ্যৎ বাংলাদেশের চালিকা শক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
ড. একে আবদুল মোমেন বলেন, বাংলাদেশের ১ কোটি ২২ লাখ লোক বিদেশে কাজ করেন, যাদের অধিকাংশই অদক্ষ। বিদেশে দক্ষ জনবল পাঠাতে পারলে রেমিটেন্স অনেক বাড়বে ।
‘সবচেয়ে বড় দুই সম্পদ- মানবসম্পদ ও পানি সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না,’ বলেন তিনি।
ড. মোমেন আরো জানান যে, বৈদেশিক বিনিয়োগের পাশাপাশি রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণ এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতি ও ‘পাবলিক ডিপ্লোমেসি’র বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের সময়ে বাংলাদেশের অভাবনীয় সাফল্য ৭৭টি মিশনের মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরা হবে জানিয়ে মন্ত্রী বলেন, দরিদ্র ক্লিষ্ট অর্থনীতি হিসেবে বাংলাদেশের যে ব্র্যান্ডিং তা সরকার পরিবর্তন করতে চায়।