সন্দ্বীপে একটি ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে যৌথ বাহিনী। ঘটনায় ভাটার ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে আমানউল্লাহ ইউনিয়নের বিবিএসটি ব্রিকফিল্ডে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রিকফিল্ডের ম্যানেজার মো. রাসেদ (৪০) এবং স্থানীয়ভাবে অস্ত্র কারিগর হিসেবে পরিচিত রহমতপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, যে ব্রিকফিল্ড থেকে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হয়েছে, সেটির মালিক আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাদুর। ভাটার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টার দিকে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে বাহিনী।
পরবর্তীতে আটক দুজনকে সন্দ্বীপ থানার কাছে হস্তান্তর করা হয়েছে। থানা সূত্র জানায়, অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রায় শেষ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অস্ত্র উৎপাদনের সঙ্গে সম্ভাব্য নাশকতামূলক পরিকল্পনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।