করোনাভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সঙ্গে আগামী এক সপ্তাহের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বিমান।
কোভিড-১৯ মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় কাল মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
সোমবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের নভেলকরোনাভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতি বিবেচনায় সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় আজ থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
পুনরায় ফ্লাইট চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিল করা ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণের খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব। একইসঙ্গে স্থল ও জল পথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়।