সন্দ্বীপ পৌরসভা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম রুবেলের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । এতে রুবেল সামান্য আহত হলেও পুরো বাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা ।
শুক্রবার (৫ জুন) পৌরসভা ৭ নং ওয়ার্ড মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে, এ সময় সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে পাশাপাশি রুবেল যদি বাড়ি ছেড়ে অন্যত্র চলে না যায় তার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকিও দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভুগিরা ।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যার সময় একদল সন্ত্রাসী একযোগে ওই বাড়িতে হামলা করে এতে রুবেল কিছুটা আহত হয় । রুবেল নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেলে ক্ষুব্ধ সন্ত্রাসীরা তার বাড়ির বাউন্ডারি ভাঙচুর করে এবং বাইরের রান্নাঘর পুরোপুরি ফেলে দেয় ।
আরো পড়ুনঃ চেয়ারম্যান টিটুর পরিবারে যেভাবে ছড়ালো করোনার বিষ !!
মোজাহিদুল ইসলাম রুবেল জানায়, সন্ধ্যার সময় দুজন ছেলে আমার বাড়িতে এসে জানায় আমাকে তাদের সাথে বাইরে যেতে হবে , কথা আছে । আমি যেহেতু কাউকেই চিনিনা তাই বাড়িতে বসে কথা বলার অনুরোধ করি , এক পর্যায়ে ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইলে আমার সাথে ওদের হাতাহাতি হয়, এবং সাথে সাথেই ২৫-৩০ জনের একটা গ্রুপ এসে অতর্কিত ভাবে আমার উপর হামলা করে, যদিও নিজেকে বাঁচাতে পেরেছি তবুও সামান্য আহত আছি ।
রুবেলের ভাই মামুন জানান, কিছু বুঝে উঠার আগেই আমাদের বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা, বাড়ির বাউন্ডারি,রান্নাঘর এবং একটা সোলার প্যানেল ভেঙে ফেলেছে । আমার ভাইয়ের কোনো শত্রু আছে বলে অন্তত আমার জানা নেই । ঘরে আমার অসুস্থ মা ছিল, আমার ছোট মেয়েটা এখনো ভীত হয়ে আছে ।
পুলিশকে জানিয়েছেন কিনা জানতে চাইলে রুবেল জানান, আসলে পরিস্থিতি তখন পুলিশের সাথে যোগাযোগ করার মত অবস্থায় ছিল না । কিছু বুঝে উঠার আগেই আমার উপর হামলা করে বসে । অথচ কাউকেই চিনতে পারিনি আমি, আমার কোনো শত্রু নেই, আমি জানিনা কেন আমার উপর হামলা করলো । আধ ঘন্টা ধরে আমাদের বাড়িতে তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা ।
“ভাংচুরের ঘটনার পর মামলা করবেন কিনা” এমন প্রশ্নে রুবেল বলেন, আমি আজ সকালে চট্টগ্রাম চলে এসেছি, যেহেতু কাউকে চিনতে পারিনি তাই আর মামলার বিষয়ে যাইনি । আমার পরিবারের উপর যাতে কোনো আঘাত না আসে সেজন্যই আমি চট্টগ্রাম চলে এসেছি ।
সন্দ্বীপ জার্নাল/ইএএম