• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সন্দ্বীপে নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা, বিএনপির অভিযোগ

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১০ ৪ ৯
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ২৮০ চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এলাকায় সম্ভাব্য নাশকতা ও সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছে সন্দ্বীপ উপজেলা বিএনপি। প্রতিদ্বন্দ্বী দলের প্রতি ইঙ্গিত করে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের সন্দ্বীপে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন উপজেলা বিএনপি ও ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্দ্বীপ উপজেলা পৌরসভাস্থ নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় তা ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ লক্ষ্যে একটি মহল বহিরাগতদের ব্যবহার করে নাশকতার ছক কষছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আলমগীর হোসাইন ঠাকুর অভিযোগ করেন, জামায়াত প্রার্থী আলাউদ্দিন শিকদার তাকে উদ্দেশ্য করে বিভিন্ন গণমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সন্দ্বীপে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার জন্যই এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান। তিনি বলেন, বিএনপি প্রার্থী সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা সন্দ্বীপের সাধারণ ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার জনপ্রিয়তা ও ধানের শীষের সম্ভাব্য বিজয় নিশ্চিত দেখে প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।


Skip to toolbar