ঘূর্ণিঝড় আম্পান ভারতের দীঘা থেকে বাংলাদেশের সন্দ্বীপ এলাকার মধ্য দিয়ে যাবে এবং এর মূল অংশ ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবন অংশে আসবে বলে জানিয়েছেন আবহওয়াবিদ বজলুর রশিদ – খবর বিবিসি বাংলার ।
বজলুর রশিদ বলেন, “ঝড়ের মূল অংশ সুন্দরবন অংশে এলেও এর প্রভাব চারদিকেই পড়বে । তবে এখনো এটি ৮০০ কিলোমিটারেরও বেশি দূরে। তাই নানা পরিবর্তনের সুযোগ রয়েছে,”।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ৫-১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
আরো পড়ুনঃ সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আম্পান
আবহাওয়া অধিদপ্তর জানায়, সুপার সাইক্লোন আম্পান আজ (মঙ্গলবার) বেলা বারটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার, মংলা থেকে ৬৯৫ ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।
এটি উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে কাল ভোররাত থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদসংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকাগুলোতে ৭ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।
সন্দ্বীপ জার্নাল/ইএএম