সন্দ্বীপ থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সন্দ্বীপ থানাধীন সারিকাইত গাছতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৩ হাজার টাকা।
তিনি আরও জানান, অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিমেন্ট ও ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
কোস্ট গার্ড জানায়, পাচার ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।