• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সন্দ্বীপে প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১৭ ৪ ৯
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
অপহরণ ও শারীরিক নির্যাতনের পর প্রবাসী রুবেল

অপহরণ ও শারীরিক নির্যাতনের পর প্রবাসী রুবেল

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭:১৫ মিনিটে ভুক্তভোগী মোঃ রুবেল রহমতপুর সাগর পাড় থেকে নিজ বাড়িতে ফেরার পথে কেঞ্জাতলী বোর্ড স্কুল (রহমতপুর উচ্চ বিদ্যালয়) সংলগ্ন চার রাস্তার মোড়ে পৌঁছালে আনোয়ার ও তার সহযোগীরা মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র, লাঠি ও হকিষ্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে হরিশপুর ৩নং ওয়ার্ডের জগন্নাথ বাড়ির পেছনের জেলে পাড়ায় আটকে রাখা হয়।

বাদীর দাবি, অপহরণকারীরা সেখানে রুবেলকে বেঁধে রেখে পুনরায় মারধর করে এবং তার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় রুবেলের সাথে থাকা একটি দামী মোবাইল ফোন এবং নগদ প্রায় ৫-৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় একটি অটোরিকশাযোগে বাড়িতে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। বর্তমানে আহত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পিতা ও বাদী মোঃ রফিকুল ইসলাম বলেন, “অভিযুক্তদের মধ্যে আনোয়ার ওরফে মির্জা আনোয়ার স্থানীয় বিএনপি নেতা মামুন চেয়ারম্যানের আত্মীয় হওয়ায় আমরা এখনো মামলা করতে পারিনি। তারা আমার ছেলেকে অপহরণ করে অমানুষিক নির্যাতন করেছে এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, অভিযোগ সাপেক্ষে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া সম্ভব হয়নি, ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন সমাজ দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Skip to toolbar