• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

আগুন পোহাতে গিয়ে প্রচারণার গাড়িচালকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট / ৫৭ ৪ ৯
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারণার গাড়ি থামিয়ে আগুন পোহানোর সময় নাশকতার সন্দেহে আটক চালক তাফসির আলমকে (২০) ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত তাফসির আলম জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদারের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত একটি অটোরিকশার (টমটম) চালক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার শেষ বিকেলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মগধরা ইউনিয়নের মোল্লার গোপাট এলাকায় শীতের তীব্রতা বাড়লে চালক তাফসির আলম নির্জন একটি মেঠো রাস্তায় গাড়িটি থামান। সেখানে রাস্তার পাশে খড়কুটো জড়ো করে তিনি আগুন জ্বালিয়ে তাপ পোহাতে থাকেন। নির্জন স্থানে হঠাৎ আগুনের শিখা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নাশকতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় এবং চালককে হাতেনাতে আটকে রাখে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। তিনি পরিস্থিতির তদন্ত করেন এবং নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত গাড়ি নিয়ে নিয়মবহির্ভূত আচরণের সত্যতা পান। পরবর্তীতে ‘জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০২৫’ এর ২৭ (ক) ধারা মোতাবেক ওই চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, “নির্বাচনী প্রচারণার গাড়ি নিয়ে আগুন জ্বালানো এবং জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। আইন অমান্য করায় সংশ্লিষ্ট ধারায় চালককে এই দণ্ড প্রদান করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” আদেশের পর দণ্ডপ্রাপ্ত চালককে পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Skip to toolbar