অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও আসন্ন আফগানিস্তান সিরিজে নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক করে দল ঘোষণা করল বাংলাদেশ। আজ শুক্রবার তাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তান সিরিজের মাধ্যমে ফের জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার, তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। এ ছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।
১৫ সদস্যের দলে থাকছেন না সাকিব আল হাসান। তার না থাকার ইঙ্গিত মিলেছিল আগেই। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি তার সঙ্গে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও খুব একটা নাই সে। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’
আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।