সাজিদ মোহন:
পুন্নাল বৃক্ষকে ঘিরে সন্দ্বীপের প্রায় প্রতিটি মানুষেরই রয়েছে স্মৃতিকাতরতা। শৈশব কৈশোরে পুন্নালের বীজ সংগ্রহ করা, হাটে বিক্রি করা, মারবেল বানিয়ে খেলা;পুন্নাল পাতার আঠা দিয়ে দুধ বানানো, পাখা বানিয়ে ঘোরানো। এসব ছাড়াও পুন্নাল তেল দিয়ে বাতি জ্বালানো, চুলে পুন্নাল তেল দেয়ার অভিজ্ঞতা প্রবীন সন্দ্বীপবাসির অনেকেরই আছে। তাছাড়া এ গাছের কাঠ নৌকা তৈরীর অন্যতম উপাদান। কিন্তু কালের বিবর্তনে, অসচেতনতার কারণে সন্দ্বীপ থেকে হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ন উপকূলীয় এ বৃক্ষটি।
শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতি বিষয়ক সংগঠন তরুপল্লবের আয়োজনে অনুষ্ঠিত হয় সন্দ্বীপের ঐতিহ্যবাহী বৃক্ষ পুন্নাল নিয়ে “পুন্নাল উৎসব।” শিশুসাহিত্যিক সাজিদ মোহনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতিপত্রের সহকারী সম্পাদক, লেখক, ব্যাংকার জাহিদ রুমান। তিনি বলেন, প্রতিটি এলাকারই এক বা একাধিক প্রতিনিধিত্বকারী বৃক্ষ আছে। পুন্নাল বিভিন্ন কারণে সন্দ্বীপের প্রতিনিধিত্ব করে। আমরা এজন্যই উৎসবে পুন্নালকে বেছে নিয়েছি।
কবি, শিক্ষক নীলাঞ্জন বিদ্যুৎ বলেন, একসময় সন্দ্বীপে পুন্নালের প্রাচুর্য ছিলো।জাহাজ নির্মানেও ছিলো সন্দ্বীপ বিখ্যাত।জাহাজ নির্মানের জন্য ব্যাপকভাবে নিধন করা হয় বৃক্ষটি।
ফুল, পাখি, গাছ, প্রকৃতি বিষয়ক মুক্ত আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্নদ মাঈনউদ্দীন; কবি, ব্যাংকার মোস্তফা হায়দার; শিক্ষক শামসুত তিবরীজ; ব্যাংকার মোজাম্মেল হোসেন; কবি সাহিদুল ইসলাম বাবু; শিক্ষক জাহিদুল আলম; সংগীত শিল্পী, মেরিনার আজগর হোসেন বাঁধন; সাজিদ মোহন প্রমুখ।
অনুষ্ঠানে কমরেড মুজফ্ফর আহমদ রচিত “সন্দ্বীপের পুন্নাল বৃক্ষ ও পুন্নাল তৈল।” প্রবন্ধটি পাঠ করেন শিক্ষক, আবৃত্তি প্রশিক্ষক সুরজিত দাশ।রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী সন্জীব রায়।
আলোচনা অনুষ্ঠান শেষে গাছ চেনা ফুল চেনা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গাছ ও ফুলের পরিচিতি তুলে ধরেন জাহিদ রুমান।