সন্দ্বীপ থানায় আরো ৩ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে । তাদের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও রয়েছেন । বাকি দুজনের মধ্যে একজন ডিএসবির (জেলা পুলিশের বিশেষ শাখা) সহকারী উপপরিদর্শক (এ এস আই ) এবং অন্যজন থানার বাবুর্চি ।
বুধবার (২৭ মে) সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম জানিয়েছেন, গতরাতে সিভিল সার্জন কার্যালয় থেকে সন্দ্বীপ থানার ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তারা ৩ জনই সন্দ্বীপ থানা সংশ্লিষ্ট । আমাদের আরো কিছু রিপোর্ট পেন্ডিং আছে, সেগুলোও আশা করি তাড়াতাড়ি পেয়ে যাবো ।
আরো পড়ুনঃ প্রথম করোনা শনাক্ত, সন্দ্বীপে স্বস্তির আকাশে কালো মেঘ
ফজলুল করিম জানান, সন্দ্বীপ থানার ওসি শেখ শরিফুল আলমকে আজ ছাড়পত্র দেয়া হয়েছে, তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন ।
সন্দ্বীপ থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, আমি ছাড়পত্র পেয়েছি, তবে থানায় আরো ৩ জন বর্তমানে আক্রান্ত আছেন, এদের মধ্যে একজন নারী পুলিশ সদস্য, একজন জেলা বিশেষ শাখার এএসআই এবং অন্যজন থানার বাবুর্চি । করোনা রিপোর্ট পজিটিভ আসলেও আমাদের সবাই শঙ্কামুক্ত আছেন । আশা করি খুব দ্রুতই করোনাকে হার মানিয়ে আবার কাজে ফিরতে পারবেন ।
সন্দ্বীপ জার্নাল/ইএএম